হরমুজ প্রণালি। ছব: সংগৃহীত
সম্প্রতি আন্তর্জাতিক নৌপথে চলাচলরত একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে যে ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়—বরং এতে অতিরঞ্জন ও বিভ্রান্তির উপাদান স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে।
প্রকাশিত সংবাদে এমন একটি চিত্র তুলে ধরা হচ্ছে যেন, জাহাজটি তেল বোঝাই করে বাংলাদেশে আসার পথে ইরানের বাধার সম্মুখীন হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হচ্ছে যে, বাংলাদেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক যোগাযোগে কোনো ধরনের সংকট তৈরি হয়েছে। অথচ প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন।
উক্ত জাহাজটি মূলত সৌদি আরব থেকে সার (ফার্টিলাইজার) বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের উদ্দেশ্যে যাত্রা করছিল। এটি বাংলাদেশের জন্য নির্ধারিত কোনো তেলবাহী জাহাজ ছিল না। বর্তমান বৈশ্বিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং একটি সামগ্রিক নিরাপত্তা প্রেক্ষাপটের অংশ।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমানে হাজার হাজার জাহাজ পণ্য বোঝাই অবস্থায় অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে। এ অবস্থাকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি ঘটনার অতিরঞ্জিত উপস্থাপন নিঃসন্দেহে জনমনে অযথা উদ্বেগ সৃষ্টি করছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাংলাদেশের জন্য তেলবাহী কোনো জাহাজে ইরান এখন পর্যন্ত সরাসরি কোনো বাধা দেয়নি। ফলে এটিকে কূটনৈতিক ব্যর্থতা বা সম্পর্কের অবনতি হিসেবে চিত্রিত করা বাস্তবতা বিবর্জিত এবং বিভ্রান্তিকর।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক ও রাজনৈতিক উত্তেজনার কারণে বাণিজ্যিক নৌপরিবহনে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। তবে এসব বিষয়কে যাচাই-বাছাই ছাড়া অতিরঞ্জিতভাবে উপস্থাপন করলে তা জনসাধারণের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেয় এবং অপ্রয়োজনীয় উদ্বেগের জন্ম দেয়।
অতএব, এ ধরনের সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যুতে দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি। তথ্যভিত্তিক, নিরপেক্ষ এবং বাস্তবসম্মত উপস্থাপনাই পারে জনমনে আস্থা বজায় রাখতে এবং অযথা বিভ্রান্তি এড়াতে।