অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর স্বচ্ছ হওয়া উচিত ছিল; তবে সেটা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে জেলা আমির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, দেশের মানুষ ইতোমধ্যে জানে কীভাবে সবকিছু হয়েছে। অন্তর্বর্তী সরকার ভেতরে পরিকল্পনা করে লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদে এ বিষয়ে সংসদ সদস্যরা বলেছেন, সেখানে গিয়ে ট্রফি তারেক রহমানের হাতে তুলে দিয়ে এসেছিলেন।
এসময় ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টেম করবে বলেও উল্লেখ করেন তিনি।
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ৭০ ভাগ গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে। বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে না দিয়ে আবারও পুরোনো পথে হাঁটছে সরকার।
দেশের এই সংকটকালে আন্দোলন ঠিক নয় জানিয়ে জামায়াত আমির বলেন, তবে জাতীয় সংসদে বিরোধীদলের কথা আমলে না নেওয়ায় রাজপথে আন্দোলনে নামা ছাড়া উপায় নেই।