দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করলেও, পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমন অভিযোগ করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে নিজের ভারিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই স্ট্যাটাসটি ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করলেও উন্নতি করেছেন পারিবারিক জমি-জমার ব্যবস্থা। কোনো অভিজ্ঞতা ছাড়াই নিজ ছেলের প্রতিষ্ঠানকে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছেন। যেখান থেকে নিজের পকেটে ঢুকবে ন্যূনতম ২ হাজার কোটি টাকা। বেশি না, মাত্র ২ হাজার কোটি! এ বিষয় নিয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুমকি দিয়ে সেটি ডিলিট করিয়েছেন। আবার সেই ছেলেকেই করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক।’
তিনি বলেন, ‘দেশের চাঁদাবাজি, সন্ত্রাস আর দখলদারিত্ব যেদিকে যায় যাক, পারিবারিক ব্যবস্থাটা আগে শক্ত করা দরকার! আর মনে মনে তসবিহ গুনছেন, আর কয়দিনই বা আছি! আবার হয়তো এস আলমের গাড়িতে করে শিলং ফিরে যেতে হবে। বিএনপি টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে তো কী হয়েছে? নতুন করে বানালে দায়িত্বটা ওনার ছেলেও পেলে জনগণ অবাক হবে না। হয়তো সেই জন্যই ভাঙা!’
স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, ‘কে জানে, ভাঙার মধ্যেও হয়তো নিজ পারিবারিক জমি-জমার ব্যবস্থা উন্নয়নের নতুন সুযোগ লুকিয়ে আছে।’