ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৪:৪৫ পিএম

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের (সমঝোতা) কোনো সম্ভাবনা নেই। দলটির মধ্যে অনুতপ্তবোধ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘বিদেশে ড. ইউনূস সহ বাংলাদেশের নাগরিকদের ওপরে যে ধরনের হামলার ঘটনা ঘটছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘প্রতিশোধ নয়, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় রয়েছে। প্রথমত, যারা গুরুতর ফৌজদারি অপরাধ বা মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাদের বিচার অবশ্যই হতে হবে। রাজনৈতিক সমঝোতার আলোচনা কোনওভাবেই সেই বিচার প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। তবে অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় কোনও কোনও ক্ষেত্রে সমঝোতার আলোচনা হতে পারে।’

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটি দল মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পর ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। কিন্তু এতদিন পরও দলটির পক্ষ থেকে সেসব অপরাধ স্বীকার বা অনুশোচনার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তাদের কর্মকাণ্ডে এখনও উসকানি ও সংঘাত সৃষ্টির প্রবণতা লক্ষ করা যাচ্ছে।’

জাহেদ উর রহমান বলেন, ‘যে দলটা এই ধরনের কাজ করে বেড়ায় এবং দেশের ভেতরে সন্ত্রাস ও নানারকম উসকানি দেওয়ার চেষ্টা করে, তাদের সঙ্গে আলাপের ব্যাপারে সরকারের অবস্থান কী হবে, সেটি বোঝাই যায়। সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়ার তো কোনও প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে, রায়ও হয়েছে। আরও যেসব বিচারিক প্রক্রিয়া রয়েছে, সেগুলোও চলবে।’

দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, দলটি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা, সেই প্রশ্নও বিচারিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন তিনি।

Link copied!