বিশ্বের সাড়া জাগানো ও ফিনল্যান্ডের টেলিকম সংস্থা নকিয়া নতুন করে ব্যয় সংকোচন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। রিপোর্ট বলছে, সারাবিশ্বে ১৪ হাজার কর্মী সংকোচনের পরিকল্পনা করছে সংস্থাটি। এটি সংস্থার কর্মী সংখ্যার ২০ শতাংশ। বর্তমানে মোট কর্মী সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ভারতে কাজ করছে ১৭ হাজারের বেশি। ফলে এই সংকোচনের প্রভাব ভারতে থাকা কর্মীদের ওপর সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা রয়েছে।
ব্যয় কমানোর মতো কঠিন এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যে সময়ে মাইক্রোসফট, অ্যামাজন, গুগলের মতো খ্যাতনামা প্রযুক্তি সংস্থা কয়েক হাজার কর্মী সংকোচন করেছে।
অন্যদিকে ফেসবুকের নির্মাতা সংস্থা মেটা আবারও ১৫ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। সারাবিশ্বেই নকিয়ার ব্যবসা কিছুটা ঢিমেতালে চলছে। ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার বিক্রি কমে হয়েছে ৩৯ কোটি ইউরো। আগের বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৪৬ কোটি ইউরো। ফলে বছরের ব্যবধানে বিক্রি কমেছে ১৫ শতাংশ। উদ্ভূত পরিস্থিতিতে নকিয়া নিজেদের নতুন করে ঢেলে সাজাতে চাইছে । ইতোমধ্যে সমর মিত্তলকে সংস্থাটির ভারতের ব্যবসাপ্রধান করা হয়েছে। বিভা মেহরাকে করা হয়েছে দেশটির ব্র্যান্ড ব্যবসা ব্যবস্থাপক।
রিপোর্ট বলছে, সিদ্ধান্তের এমন পরিবর্তনের ফলে নকিয়ার কয়েকটি বিভাগে কর্মী সংকোচন করা হতে পারে। বিশেষ করে যেসব জায়গায় একই ধরনের কাজ একাধিক টিম করছে, সেখানে
এমন সম্ভাবনা বেশি।
ক্লাউড ও নেটওয়ার্ক সার্ভিসেস ইউনিটকে ২০২৩ সালে মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে সংস্থাটি। এর ফলে অনেক ক্ষেত্রে একই কাজের পুনরাবৃত্তির সুযোগ রয়ে যায়। এটি কমাতে সংকোচন নীতি সহায়ক হবে। গত কয়েক বছরে সংস্থাটি ক্রমে কর্মী সংখ্যা কমিয়েছে। ২০১৮ সালে এই সংস্থায় লক্ষাধিক কর্মী ছিল। কমে এখন তা ৭৪ হাজারে নেমেছে। জানা গেছে, ইউরোপেও কর্মী কমানোর কথা ভাবছে সংস্থাটি। জার্মানি, গ্রিস, ইতালি ও ফ্রান্সে সহস্রাধিক কর্মী সংস্থা থেকে বিচ্যুত হতে পারেন। আরেক প্রতিদ্বন্দ্বী এরিকসনও কর্মী কমাচ্ছে। গত বছর সংস্থাটি পাঁচ হাজার কর্মী কমিয়েছে। ভবিষ্যতেও আরও কর্মী কমানো হতে পারে। সব মিলিয়ে টেলিকম শিল্পে ব্যয় সংকোচন ও কাজের দক্ষতা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে এসব সংস্থা।