ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

সেমির আগেই দর্শক সংখ্যায় রেকর্ড গড়ল চলমান বিশ্বকাপ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৩৯ পিএম

সেমির আগেই দর্শক সংখ্যায় রেকর্ড গড়ল চলমান বিশ্বকাপ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধান করে ম্যাচ আয়োজন করতে পেরেছে আইসিসি। রোমাঞ্চকর সেই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যেও বাড়তি উন্মাদনা ছিল। শুধু সেই ম্যাচ নয়, এবারের আসর দর্শক সংখ্যায় ইতোমধ্যেই রেকর্ড গড়েছে।

আসরের এখনো সেমি ফাইনাল ও ফাইনাল বাকি। তার আগেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক সংখ্যা ৫০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যা এই টুর্নামেন্টের ইতিহাসে দর্শক সংখ্যার রেকর্ড। এ তথ্য নিশ্চিত করেছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জয় শাহ বলেন, ‍‍`টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর যাত্রা শুরু হয়েছিল সবার জন্য সহজপ্রাপ্য ক্রিকেট ইভেন্টে পরিণত করার লক্ষ্য নিয়ে। ভারতে এই আসরের দর্শকসংখ্যা ৫০০ মিলিয়নের সীমা অতিক্রম করেছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।‍‍`

ডিজিটাল প্ল্যাটফর্মেও বেশ সাড়া ফেলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারে একসঙ্গে সর্বোচ্চ ৬৫ মিলিয়ন দর্শক খেলা দেখেছেন।

তিনি বলেন, ‍‍`জিওহটস্টারে একসঙ্গে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৬৫ মিলিয়নে পৌঁছানোও ছিল আনন্দের বিষয়। আজ রাত থেকে টুর্নামেন্টের নকআউট পর্ব শুরু হচ্ছে। আমরা আশা করি, ভারতীয় সমর্থকদের অপরিসীম ভালোবাসা আমাদের ইভেন্টগুলোকে আরও নতুন রেকর্ড গড়তে সহায়তা করবে।‍‍`

Link copied!