ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তার ক্যারিয়ারে সান্তোস, বার্সেলোনা এবং পিএসজির হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন। এমনকি ব্রাজিলের জার্সি গায়েও তার পারফরম্যান্স চোখধাঁধানো। কিন্তু এত কিছুর পরও সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনির মন জয় করতে পারেননি তিনি।
সম্প্রতি ‘দ্য ওভারল্যাপ’ অনুষ্ঠানে নেইমার সম্পর্কে রুনিকে প্রশ্ন করা হলে তিনি এক চাঞ্চল্যকর উত্তর দেন। রুনি বলেন, ‘আমি নেইমারকে পছন্দ করি, কিন্তু তাকে কখনোই একজন টপ প্লেয়ার হিসেবে দেখিনি। যেমনটা মেসি বা রোনালদো। বার্সেলোনায় সে ভালো ছিল ঠিকই, কিন্তু সেখানেও সে মেসির ছায়ায় ঢাকা পড়েছিল।’
রুনির মতে, নেইমার একজন ভালো খেলোয়াড় হলেও মেসি বা রোনালদোর মতো বিশ্বসেরাদের কাতারে পড়ার যোগ্যতা তার নেই।
গত ফেব্রুয়ারিতে ৩৪ বছরে পা দেওয়া নেইমার বর্তমানে তার ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। তার শেষ ইচ্ছা- আসন্ন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা। কিন্তু ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তির সদ্য ঘোষিত দলে নেইমারের জায়গা হয়নি।
ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, নেইমার বর্তমানে শতভাগ ফিট নন বলেই তাকে দলে রাখা হয়নি। তিনি বলেন, ‘মার্চের প্রীতি ম্যাচের তালিকায় সে নেই কারণ সে এখন ১০০% ফিট নয়। তবে বিশ্বকাপের চূড়ান্ত তালিকার জন্য তাকে কঠোর পরিশ্রম করে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে।’
দলে জায়গা না পেয়ে নেইমার দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাতীয় দলের তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেখানে আমার নাম নেই। অবশ্যই আমি খুব বিষণ্ণ, তবে আমি সবসময় দলের সমর্থন দিয়ে যাব। এটা আমার শেষ বিশ্বকাপ হওয়ার কথা। তাই আমাকে এখন আরও কঠোর অনুশীলন করতে হবে যাতে সুযোগ এলে আমি প্রস্তুত থাকি।’
আপনার মতামত লিখুন :