ছবি: সংগৃহীত
মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলনটা আজ মিরপুরে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ছিল নাকি ২০২৭ বিশ্বকাপের? গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অধিনায়কের সিরিজপূর্ব প্রশ্নোত্তর পর্বের পর এমন কৌতূহল জাগা বিচিত্র নয়। ২৩ মিনিটের এই পর্বে ওয়ানডে সিরিজ জায়গা পেয়েছে সামান্যই, সব আগ্রহ যেন আগামী ওয়ানডে বিশ্বকাপ ঘিরে। নানা কথার ফাঁকে মিরাজও জানিয়ে দিলেন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করে দিচ্ছেন তাঁরা। এখান থেকেই আত্মবিশ্বাসের খোঁজে নামছেন মিরাজরা।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার পর এই সংস্করণে আরো দুটি বৈশ্বিক আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে আগের সাফল্য ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে নামলেও আরো বেশি ভরাডুবির সাক্ষী হয়ে দেশে ফিরতে হয়েছে খেলোয়াড়দের। এবারও বিশ্বকাপের আগে ছন্দে আছে বাংলাদেশ।
এটাকে আরো বাড়িয়ে নেওয়ায় মনোযোগ মিরাজের, ‘আমরা যদি নড়বড়ে জায়গা থেকে বিশ্বকাপে যাই, ভালো অবস্থানে কিভাবে থাকব! এই সিরিজগুলোতে আত্মবিশ্বাস কুড়িয়ে নিলে ভালো প্রস্তুতি হবে বিশ্বকাপের। ২০২৩ বিশ্বকাপের আগে অনেক সিরিজ জিতেছি, আত্মবিশ্বাসী ছিলাম, যদিও বিশ্বকাপে ভালো করতে পারিনি। তবে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাকি এখনো প্রায় দেড় বছর।
এর আগে আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচসহ ১৭টি ওয়ানডে খেলবে বাংলাদেশ, যেখানে অস্ট্রেলিয়া, ভারতের মতো প্রতিপক্ষও আছে। এর বাইরে এশিয়া কাপেও মাঠে নামবেন মিরাজরা। সর্বশেষ দুই সিরিজের আত্মবিশ্বাস পুঁজি করে বাকি পথ পাড়ি দিতে চান ওয়ানডে দলের অধিনায়ক, ‘২০২৭ বিশ্বকাপ অনেক দূরে। ওই পর্যন্ত যেতে হলে অনেক প্রক্রিয়া মানতে হবে। সিরিজ ধরে ধরে ভালো খেলতে হবে।গত দুই সিরিজে খুব ভালো ক্রিকেট খেলেছি। খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী।’
সম্প্রতি পাকিস্তান সিরিজের ৩ ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পেলেও পরের সিরিজে একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের। মিরাজের দাবি, ‘বিশ্বকাপের আগে অনেক ম্যাচ আছে। প্রত্যেক খেলোয়াড় সুযোগ পাবে।’
কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর নিজেই ছন্দহীন মিরাজ। ১০ ইনিংসে ব্যাট হাতে ১৭৪ রান তাঁর, ফিফটি মাত্র একটি। বোলিংয়ে তুলনায় কিছুটা ছন্দ ছিল। তবে ১২ ইনিংসে ১৬ উইকেট নেওয়ার পথে রানও খরচ করেছেন বিস্তর (৪৫২ রান)। নিজের নেতৃত্ব নিয়েও পড়েছেন সমালোচনার মুখে। অবশ্য বিসিবির আগের সভাপতি আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদের শেষ সভায় এই অলরাউন্ডারের অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন মিরাজ। এতে দলের মধ্যে বোঝাপড়া আরো ভালো হবে বলেই মনে করছেন তিনি, ‘লম্বা সময়ের জন্য নেতৃত্ব পেলে দলের সঙ্গে বোঝাপড়া ভালো থাকে। আমি কখনোই চাই না কেউ অল্প সময়ের জন্য অধিনায়ক হোক। সে ক্ষেত্রে দলকে বোঝা কঠিন হয়। এটা খুব ইতিবাচক দিক (লম্বা সময়ের দায়িত্ব পাওয়া)।’ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজের দল নিয়েও আত্মবিশ্বাস ছড়ালেন ওয়ানডে অধিনায়ক মিরাজ, ‘আমার তো মনে হয়, দল ভালো ছন্দে আছে এবং বোঝাপড়াও খুব ভালো। আমার মনে হয় না বেশি গ্যাপ আছে। ব্যাটাররা রান করছিল না, এটা নিয়ে চিন্তিত ছিলাম। এখন সবাই ভালো ছন্দে আছে এবং রান করছে।’