ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৯:৫২ এএম

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি বাউল গানের আসরে ‍‍`নারায়ে তকবির‍‍` স্লোগান দিয়ে স্থানীয় একদল লোক হামলা চালিয়েছে বলে জানা জানা গেছে।

রোববার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীপুর গ্রামে এই হামলার ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা ‍‍`নারায়ে তকবির‍‍` স্লোগান দিয়ে মঞ্চ ও বাদ্যযন্ত্র ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ইবরাই শাহ মাজারকে কেন্দ্র করে প্রতি বছরই নিয়মিতভাবে বাউল গানের আসর বসে। দীর্ঘদিনের এই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রোববার ছিল অনুষ্ঠানের একটি অংশ। রাত চলাকালে হঠাৎ করেই শতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায়।

হামলাকারীরা ‍‍`নারায়ে তকবির, আল্লাহু আকবর‍‍` এবং ‍‍`ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান‍‍`—এমন নানা ধর্মীয় স্লোগান দিয়ে প্যান্ডেলে প্রবেশ করে। তারা মঞ্চে উঠে এলোপাতাড়ি ভাঙচুর চালায় এবং বাউল শিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত করে।

আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে আয়োজক ও মাজারের ভক্তরা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ভাঙচুর শেষে হামলাকারীরা একটি মিছিল নিয়ে এলাকা ত্যাগ করে বলে জানা গেছে।

হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে তার ভাষ্যমতে, ঘটনাটি সরাসরি মাজারে নয়, বরং মাজার থেকে কিছুটা দূরে ভক্তদের তৈরি একটি প্যান্ডেলে ঘটেছে।

ওসি আরও জানান, রাতে লাউড স্পিকারে গান-বাজনা করার ফলে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছিল, যে কারণে তারা গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি দাবি করেন।

হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি জানান, সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Link copied!