নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরেকজন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মহিষখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু হলেন মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮)। অপরদিকে একই গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৮) নিখোঁজ রয়েছেন। তারা দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুরে দুই শিশু বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়, তবে আরিয়াকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানিয়েছেন, একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অপর শিশুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :