ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ, ড্রামে অকটেন বিক্রির সময় ধরা

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:২৯ পিএম

৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ, ড্রামে অকটেন বিক্রির সময় ধরা

ফরিদপুরে ৪ হাজার ৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা ও ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরার পর একটি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এছাড়াও আরও একটি পাম্পে অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী।

আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় অবস্থিত মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে ড্রামে ৩০ লিটার অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরা হয় এবং বিক্রয় বন্ধ অবস্থায় ৪ হাজার ৬০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। এছাড়াও ডিজেল-২ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনের মেয়াদ উত্তীর্ণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সদর উপজেলার বাহেরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২২০০ লিটার পেট্রোল মজুত রেখে পাম্পটি বন্ধ রাখা হয়। পরে তেল বিক্রি চালু সাপেক্ষে তাদের জরিমানা করা হয়নি। তবে সতর্ক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেন, পেট্রোল পাম্পে ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা ও ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরার পর একটি পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরেকটি পেট্রোল পাম্পে তেল মজুত রেখে বন্ধ রাখায় পেট্রোল পাম্পটি চালু করে তেল বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে ।

Link copied!