ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:১৮ পিএম

‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার‍‍` নামে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ওই পাম্পে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে স্টোরেজ যাচাই করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুতের প্রমাণ পাওয়া যায়। পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও জনভোগান্তি সৃষ্টি করে বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে মজুতকৃত পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দিয়ে পুনরায় বিক্রয় কার্যক্রম শুরু করানো হয়।

উল্লেখ্য, এই ফিলিং স্টেশনটি এর আগেও একই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ছিল। এর আগে পরিচালিত অন্য এক অভিযানে এই পাম্প থেকে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন জব্দ করেছিল ভ্রাম্যমাণ আদালত। সে সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

Link copied!