কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়কে আসামি করা হয়েছে।
এ ছাড়া কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকেও এ মামলায় আসামি করা হয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। সংসদ সদস্যের অভিযোগ, পরিবারের সদস্যসহ বাড়িতে বসবাসরত ব্যক্তিদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
মামলার এজাহারে অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেছেন নুসরাত তাবাসসুম।