ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ১২:০০ পিএম

গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

গোপালগঞ্জ শহরে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের লঞ্চঘাট ব্রিজের উপর তারা বিক্ষোভ মিছিল করে। এছাড়াও সকাল থেকে শহরের একাধিক স্থানে বিক্ষোভ মিছিল, মহাসড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতা কর্মীরা।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ নানা ধরনের স্লোগান দিতে থাকে।

বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জ শহরতলীর গাবতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠি সোটা হাতে একটি মিছিল বের করে এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

এর কিছুক্ষণ পর বেলা ১২ টার দিকে শহরতলীর জেলা কারাগারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে লঞ্চঘাট ব্রিজের উপরে এসে শেষ হয়। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ (প্রশাসন ও অর্থ) বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে আমাদের কাছে তথ্য নেই। আমাদের পুলিশি টহল অব্যাহত আছে।

শহরের একাধিক স্থানে এমন মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Link copied!