ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

সহিংসতা ও আপত্তিকর দৃশ্য! ‘ধুরন্ধর ২’–এর ২১টি দৃশ্যে কাঁচি

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:১৭ পিএম

সহিংসতা ও আপত্তিকর দৃশ্য! ‘ধুরন্ধর ২’–এর ২১টি দৃশ্যে কাঁচি

মুক্তির আগেই সেন্সরে কাটছাঁট নিয়ে আলোচনায় আদিত্য ধরের ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। ছবিটি মুক্তির এক দিন আগে শেষ হলো সেন্সর–প্রক্রিয়া, আর তাতেই সামনে এসেছে একাধিক পরিবর্তনের তথ্য। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে। তবে ছাড়পত্র দেওয়ার আগে পরীক্ষক কমিটি মোট ২১টি কাট ও পরিবর্তনের নির্দেশ দেয়।

সবচেয়ে বেশি নজর কাড়ছে সহিংস দৃশ্যগুলোতে কাটছাঁট। চারটি সহিংস দৃশ্য মিলিয়ে মোট ৩৪ সেকেন্ড কমানো হয়েছে। এর মধ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের দৃশ্য ২ সেকেন্ড, সিমেন্ট ব্লক দিয়ে আঘাতের দৃশ্য ৪ সেকেন্ড, চোখে আঘাতের দৃশ্য ৪ সেকেন্ড এবং শিরশ্ছেদ ও লাথির দৃশ্য মিলিয়ে ২৪ সেকেন্ড কমানো হয়েছে।
এ ছাড়া সংলাপেও এসেছে পরিবর্তন। কিছু অশালীন শব্দ মিউট করতে বলা হয়েছে, আবার কিছু শব্দ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোথাও নাম পরিবর্তন এবং কিছু শব্দ পুরোপুরি বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সেন্সর বোর্ড ছবিতে একাধিক সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে মাদকসংক্রান্ত সতর্কতা এবং ‘এই ছবিতে বিরক্তিকর দৃশ্য রয়েছে, দর্শকদের সতর্কতা অবলম্বন করা উচিত’—এমন বার্তা।

এ ছাড়া একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ (সাবটাইটেলে) সংশোধন এবং একটি শহরের নাম ঠিক করার কথাও বলা হয়েছে। প্রাণীসংক্রান্ত দৃশ্যের জন্য অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়ার সনদ জমা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীসংক্রান্ত উল্লেখ ও নিউজ ফুটেজ ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রও জমা দিয়েছেন নির্মাতারা।

সব মিলিয়ে ছবিটি থেকে মোট ৯৪ সেকেন্ড বা ১ মিনিট ৩৪ সেকেন্ড অংশ বাদ দেওয়া হয়েছে। কাটছাঁটের পর ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২২৯ মিনিট ৬ সেকেন্ড—অর্থাৎ প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট। উল্লেখ্য, এর প্রথম কিস্তির দৈর্ঘ্য ছিল ২১৪ মিনিটের কিছু বেশি। সেই তুলনায় সিকুয়েলটি প্রায় ১৫ মিনিট দীর্ঘ।
রণবীর সিং অভিনীত সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল ১৯ মার্চ। 

Link copied!