টানা কয়েকটি ব্লকবাস্টার অ্যাকশন সিনেমার পর আবারও রুপালি পর্দায় প্রেমের জাদুতে দর্শকদের মাতাতে আসছেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিং খান একটি উচ্চ বাজেটের রোমান্টিক ড্রামা সিনেমার চিত্রনাট্য পছন্দ করেছেন। ভক্তদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করে তিনি আবারও সেই চিরচেনা ‘রোমান্স কিং’ হিসেবে ধরা দেবেন।
পরপর কয়েকটি অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করতে গিয়ে শাহরুখ খান কিছু ছোটখাটো শারীরিক আঘাতের সম্মুখীন হয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ ও নিজের পরিশ্রম কমাতে তিনি এখন কিছুটা হালকা মেজাজের গল্পে কাজ করতে চাইছেন। এই রোমান্টিক সিনেমাটি কেবল প্রেম নয়, বরং এক পরিণত বয়সের আবেগঘন কাহিনী নিয়ে তৈরি হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শুরুতেই এর শুটিং শুরু হতে পারে।
রোমান্টিক সিনেমার আগে ২০২৬ সালের ২৪শে ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখকে দেখা যাবে এক দুর্ধর্ষ ঘাতকের চরিত্রে। ছবিটির বিশেষ আকর্ষণ হলো—এই প্রথম বড় পর্দায় শাহরুখের সাথে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরের মতো বড় সব তারকারা।
বর্তমানে শাহরুখ দুটি বড় প্রজেক্ট নিয়ে ভাবছেন—একটি ফারাহ খানের সিনেমা ও অন্যটি এই নতুন রোমান্টিক গল্প।
আগামী জুন মাসের মধ্যে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে কোন ছবিটির কাজ আগে শুরু করবেন। অ্যাকশন লুকে শাহরুখকে দেখার পাশাপাশি তার চিরাচরিত রোমান্টিক প্রত্যাবর্তন নিয়ে এখন থেকেই উত্তাল বলিপাড়া।
আপনার মতামত লিখুন :