ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

আমারও মাঝে মাঝে বিরতি নিতে ইচ্ছে করে: শ্রেয়া ঘোষাল

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৩:২৮ পিএম

আমারও মাঝে মাঝে বিরতি নিতে ইচ্ছে করে: শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল । ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল জানিয়েছেন, ব্যস্ত ক্যারিয়ারের মাঝেও কখনো কখনো তারও কাজ থেকে বিরতি নিতে ইচ্ছে করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় উঠে আসে লাইভ পারফরম্যান্সে। তার ভাষায়, মঞ্চে লিপ সিঙ্ক করা তার কাছে অস্বস্তিকর। ‘যেদিন আমাকে লিপ সিঙ্ক করতে হবে, সেদিনই আমি গান ছেড়ে দেব,’—বলেন তিনি।

এর আগে, বলিউডের আরেক জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং হঠাৎ করেই সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সেই সময় তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন শ্রেয়া ঘোষাল।

অরিজিতের বিরতির প্রসঙ্গে তিনি বলেন, মাঝে মাঝে তারও এমন সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে হয়। তবে অরিজিত যেভাবে সাহসিকতার সঙ্গে এই পদক্ষেপ নিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। তিনি মনে করেন, অরিজিত হৃদয় থেকে গান করেন এবং সংগীতই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শ্রেয়া আরও বলেন, সংগীতের প্রতি এই আন্তরিকতাই অরিজিতকে শ্রোতাদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে। গত এক দশকে অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি বলিউডে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

লাইভ পারফরম্যান্স প্রসঙ্গে শ্রেয়া জানান, দর্শকরা শিল্পীদের কাছ থেকে শুধু গানই নয়, অনুপ্রেরণাও প্রত্যাশা করেন। তাই ব্যক্তিগত সমস্যাকে মঞ্চে প্রকাশ না করে দায়িত্বশীলভাবে পারফর্ম করা উচিত বলে মনে করেন তিনি।

দর্শকদের ভালোবাসা ও করতালিই তাকে প্রতিনিয়ত নতুন উদ্যমে গান গাইতে অনুপ্রাণিত করে বলেও জানান এই গায়িকা।

Link copied!