প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৩:৫৭ পিএম
পরিচালক আদিত্য ধর ও রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। প্রিভিউ থেকেই আয়ের দৌড়ে এগিয়ে থাকা ছবিটি প্রথম দিনেই একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে।
১৯ মার্চ পেইড প্রিভিউতেই দেশীয় বাজারে প্রায় ৪৩ কোটি রুপি আয় করে ছবিটি। একই সময়ে বিশ্বজুড়ে আয় দাঁড়ায় প্রায় ৭৫ কোটি রুপি। ফলে আনুষ্ঠানিক মুক্তির আগেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে সিনেমাটি।
মুক্তির দিনেও সেই ধারা অব্যাহত থাকে। প্রথম দিনেই শুধু ভারত থেকে ১০২ কোটি রুপি আয় করে, যা হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড। সব মিলিয়ে দেশীয় বাজারে প্রথম দিনের শেষে আয় দাঁড়ায় প্রায় ১৪৫ কোটি রুপি।
আন্তর্জাতিক বাজারেও সমান দাপট দেখিয়েছে রণবীর সিং অভিনীত এই ছবি। বিদেশে প্রথম দিনে প্রায় ৭ মিলিয়ন ডলার আয় করে, মোট বিদেশি আয় ৯ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এই সাফল্যের মধ্য দিয়ে একাধিক রেকর্ড ভেঙেছে ছবিটি। এর আগে সর্বোচ্চ ওপেনিং ডে আয়ের রেকর্ড ছিল জওয়ান-এর (১২৯ কোটি রুপি)। এছাড়া পাঠান (১০৪ কোটি) ও অ্যানিম্যাল (১০১ কোটি) ছিল তালিকায়। নতুন এই ছবি সেই সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
শুধু বলিউড নয়, প্যান-ইন্ডিয়া স্তরেও নজির গড়েছে ‘ধুরন্ধর ২’। প্রথম দিনের আয় ছাড়িয়ে গেছে ‘আরআরআর’, ‘বাহুবলি ২’ ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২-এর মতো ছবির ওপেনিং আয়কেও।
ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন আর. মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদী।
আপনার মতামত লিখুন :