দরজায় কড়া নাড়ছে ঈদ। এখনও চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। কেউ ব্যস্ত উৎসবের দিনের রান্নাবান্না নিয়ে, কেউ বা ঘর সাজাতে। এত কিছুর মধ্যে অনেকে নিজের যত্ন নেওয়ার সময় পাচ্ছেন না। পার্লারে যেতে না পারলে ঘরোয়া উপায়েই নিজের যত্ন নিন। এতে ঈদের দিন ত্বক উজ্জ্বল দেখাবে।
প্রথমে লোশন বা ম্যাসাজ ক্রিম দিয়ে ত্বক ভালোভাবে মালিশ করে নিতে হবে। চাইলে খানিকটা স্ক্রাব বা চালের গুঁড়া মিশিয়ে ম্যাসাজ করলে মৃত কোষ ও ব্ল্যাক হেডস দূর হবে। এরপর মুখে খানিকটা বরফ ঘষে নিয়ে প্যাক লাগাতে হবে।
এই প্যাক তৈরি করতে প্রয়োজন হবে টক দই, চালের গুঁড়া, বেসন, মধু এবং কাঁচাদুধ। প্রতিটি উপাদান প্রয়োজন মতো নিয়ে কাঁচাদুধ মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি করে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দই, মধু আর সামান্য হলুদ গুঁড়া দিয়েও ফেস প্যাক তৈরি করতে পারেন। ১৫ মিনিট রেখে দিন। এর পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে।
একটি পাকা-কলা, দেড় টেবিল-চামচ কাঁচাদুধ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই মিশ্রণ মুখে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
উৎসবের এক বা দুদিন আগে অনেক সময়ই ত্বকে অনাকাঙ্ক্ষিত ব্রণ দেখা দিতে পারে। ব্রণ দ্রুত সারিয়ে তুলতে, ব্রণের উপর বরফ চেপে ধরে রাখতে পারেন। উপকার পাবেন। এছাড়া সাধারণ ত্বকে বরফ ঘষলেও ত্বক উজ্জ্বল দেখাবে।
ঈদের আগে হাত ও পা পরিষ্কার করতে কুসুম গরম পানিতে খানিকটা শ্যাম্পু, এক চিমটি লবণ ও এক কাপ ভিনিগার মিশিয়ে কিছুক্ষণ হাত ও পা চুবিয়ে রাখতে হবে। এরপর হাত ও পা ভালোভাবে ডলে মুলতানি মাটি, খানিকটা লেবুর রস, মধু ও পানি দিয়ে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে হাত ও পায়ে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে হাত-পা পরিষ্কার দেখাবে।
ঈদের আগে বেশি রাত জাগা ঠিক নয়। তাহলে চোখের নিচে কালচে দাগ পড়তে পারে। সুস্থ ও সুন্দর থাকতে অন্তত ৬-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
আপনার মতামত লিখুন :