শরীয়তপুর শহরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের ২৩ জন নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।
শনিবার রাতে পুলিশের পক্ষ থেকে জেলা সদরের পালং মডেল থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম। এ ঘটনায় রিয়াজুল ইসলাম (২১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের কর্মী-সমর্থকরা জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। পরবর্তী সময়ে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে এবং প্রশাসনের নজরে পড়ে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, স্মৃতিস্তম্ভের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাতবরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।