ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে ‘আমি প্রবাসী’ ও ‘কে-ভিলেজ’-এর চুক্তি

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:২৫ পিএম

কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে ‘আমি প্রবাসী’ ও ‘কে-ভিলেজ’-এর চুক্তি

বাংলাদেশে কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে সমঝোতা চুক্তি সই করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল মাইগ্রেশন প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’ এবং শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘কে-ভিলেজ’।

এই উদ্যোগের মাধ্যমে কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য ভাষা শিক্ষা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‘আমি প্রবাসী’ দেশের একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম, যা অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবা ও সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। অন্যদিকে ‘কে-ভিলেজ’ দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে বিশেষায়িত একটি প্রতিষ্ঠান।

চুক্তির আওতায় ‘আমি প্রবাসী’ অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি কে-ভিলেজের অনলাইন ও অফলাইন কোরিয়ান ভাষা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা, প্রশিক্ষণ বা চাকরির প্রস্তুতিতে আগ্রহীরা উপকৃত হন।

এসব কোর্স পরিচালনা করবেন দক্ষিণ কোরিয়ার নেটিভ প্রশিক্ষকরা, যারা কোরিয়ান ভাষার পাশাপাশি ইংরেজি ও বাংলাতেও দক্ষ।

এই অংশীদারিত্বের মাধ্যমে বিদেশগমনেচ্ছুদের দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে ‘আমি প্রবাসী’। ফলে ব্যবহারকারীরা এখন আরও সহজে মানসম্মত ও ক্যারিয়ারমুখী ভাষা শিক্ষার রিসোর্সে যুক্ত হতে পারবেন।

চুক্তিতে ‘আমি প্রবাসী’-র হেড অব অপারেশনস অ্যান্ড সেলস আহসানুল হক এবং ‘কে-ভিলেজ’-এর ভাইস প্রেসিডেন্ট মার্টিন কউন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ‘আমি প্রবাসী’-র হেড অব মার্কেটিং ইনাম আহমদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ দক্ষিণ কোরিয়ায় গমনেচ্ছু বাংলাদেশিদের দক্ষতা বৃদ্ধি এবং দেশে মানসম্মত ভাষা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!